শুরু হলো বাংলা ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ‘বর্ণশিল্পী’
ভাষার মাসে আইপিডিসি ফাইন্যান্স আবারো শুরু করেছে বাংলা ক্যালিগ্রাফি নিয়ে প্রতিযোগিতা ‘বর্ণশিল্পী’। এবার এ প্রতিযোগিতায় বাংলার রূপ-সৌন্দর্যকে ধারণ করে রচিত জনপ্রিয় গান ও কবিতার শব্দমালাকে দৃষ্টিনন্দন অক্ষরে ফুটিয়ে তুলবেন প্রতিযোগীরা। তাই বর্ণশিল্পী ২০২২-এর মূল প্রতিপাদ্য ‘দেশের মতো লেখাও হোক সুন্দর’।
এ বছর কাগজের ক্যালিগ্রাফির সঙ্গে যুক্ত হয়েছে ডিজিটাল ডিভাইসে ক্যালিগ্রাফি করে পাঠানোর সুযোগ। তাই প্রতিযোগিতাটিকে মাধ্যমভেদে দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে—কাগজ ক্যালিগ্রাফি ও ডিজিটাল ক্যালিগ্রাফি। এছাড়া প্রতিযোগীদের দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে—দশম শ্রেণী পর্যন্ত অংশগ্রহণকারীদের জন্য একটি ক্যাটাগরি এবং এর ওপরে বাকি সবার জন্য উন্মুক্ত ক্যাটাগরি।
২০২১ সালের ‘বর্ণশিল্পী’ আয়োজনে বায়ান্ন থেকে একাত্তর পর্যন্ত বাংলাদেশের ঘটনাবহুল সময়কে ধারণ করে রচিত ঐতিহাসিক শব্দমালাকে ভিন্ন আঙ্গিকে ফুটিয়ে তোলা হয় ক্যালিগ্রাফির সৌন্দর্যে।
বাংলার অনুপম প্রাকৃতিক সৌন্দর্য বিমুগ্ধ হয়ে সৃষ্ট অসংখ্য শ্রুতিমধুর গান ও কবিতার লাইনকে শৈল্পিক ফন্টে প্রতিফলিত করতে প্রতিযোগীদের ভিজিট করতে হবে ‘বর্ণশিল্পী’র ওয়েবসাইট: https://bornoshilpi.ipdcbd.com/।
নাম ও মোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধনের পর প্রত্যেক প্রতিযোগী ক্যালিগ্রাফি করার জন্য নির্দিষ্ট শব্দগুচ্ছ পাবেন, যা ক্যালিগ্রাফিতে সাজিয়ে ওয়েবসাইটেই জমা দিতে হবে। ক্যালিগ্রাফি পাঠানো যাবে ১০ মার্চ পর্যন্ত। সেরা বর্ণশিল্পীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।
কোন মন্তব্য নেই