Trending News

ভিসা ছাড়াই ৪১ দেশ ভ্রমন করুন

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের উন্নতি হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক নাগরিকত্ব ও পরিকল্পনা বিষয়ক সংস্থা দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত র‌্যাংকিংয়ে এ তথ্য উঠে এসেছে। তাদের ২০২০ সালের র‌্যাংকিংয়ে বাংলাদেশ একধাপ এগিয়ে ৯৮তম অবস্থানে উঠে এসেছে। ২০০৬ সালে এ র‌্যাংকিংয়ে বাংলাদেশের পাসপোর্ট ছিল ৬৮-তে। এরপর থেকে ক্রমাগত অবনতি ঘটেছে। ২০১৮ সালে নেমে আসে ১০০তম অবস্থানে। ২০১৯ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৯৯তম।


একটি দেশের পাসপোর্ট দেখিয়ে কতটি দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসা নিয়ে ভ্রমণ করা যায় তার ওপর ভিত্তি করে র‌্যাংকিংটি তৈরি করা হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, র‌্যাংকিংয়ে উন্নতি হলেও বাংলাদেশকে ‘ভিসা ফ্রি’ সুবিধা দেয়া দেশের সংখ্যা একই রয়েছে। 

বাংলাদেশি পাসপোর্ট দিয়ে বিশ্বের ৪১টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করা যায়। এশিয়ায় এ সুবিধা দেয় ভুটান, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলংকা ও পূর্ব তিমুর। এছাড়াও আফ্রিকার ১৬টি, ওশেনিয়া অঞ্চলের ৭টি ও ক্যারিবীয় অঞ্চলের ১২টি দেশে বাংলাদেশের পাসপোর্টে ‘ভিসা ফ্রি’ সুবিধা মেলে।

বাংলাদেশ সম্প্রতি ই-পাসপোর্ট বা ইলেকট্রনিক পাসপোর্ট যুগে প্রবেশ করেছে। দক্ষিণ এশিয়ায় প্রথম এবং বিশ্বে ১১৯তম দেশ হিসেবে বাংলাদেশে ই-পাসপোর্ট কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ই-পাসপোর্টের প্রচলনের কারণে বাংলাদেশের অবস্থান আগামীতে আরও শক্তিশালী হবে। অন্যদেশে ভ্রমণের ক্ষেত্রে বন্দরের ইমিগ্রেশন প্রক্রিয়া বাংলাদেশি নাগরিকদের জন্য আরও অনেক সহজ হবে।


দেশগুলোর তালিকা নিচে দেওয়া হলো।

এশিয়া মহাদেশের ৬টি দেশ

ভুটান, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা ও তিমুর।

আফ্রিকা মহাদেশের ১৬টি দেশ

কেপ ভার্দ দ্বীপপুঞ্জ, কমোরোস দ্বীপপুঞ্জ, গাম্বিয়া, গিনি বিসাউ, কেনিয়া, লেসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেনেগাল, সিসিলি, সিয়েরা লিওন, সোমালিয়া, টোগো ও উগান্ডা।

ওশেনিয়ার ৭টি দেশ

কুক আইল্যান্ডস, ফিজি, মাইক্রোনেশিয়া, নিউই, সামাউ, টুভালু ও ভানুয়াতু।

ক্যারিবীয় অঞ্চলের ১১টি দেশ

বাহামা, বার্বাডোজ, ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডস, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জামাইকা, মন্টসেরাত, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডিন্স ও ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো।

আমেরিকার মাত্র একটি দেশ

বলিভিয়া।

এ তালিকায় ধারাবাহিকভাবেই শীর্ষে রয়েছে জাপান। ১৯১টি দেশে জাপানের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। গত বছর এ সংখ্যাটি ছিল ১৯০। জাপানের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুরের পাসপোর্ট। ১৯০টি দেশে তাদের অন অ্যারাইভাল ভিসার সুযোগ রয়েছে। তৃতীয়তে থাকা দক্ষিণ কোরিয়ার পাসপোর্টে সুযোগ রয়েছে ১৮৯টি দেশে। শক্তিশালী পাসপোর্টের তালিকায় পরবর্তী ১৩টি দেশ ইউরোপের।

১৮৯টি দেশে অন অ্যারাইভাল ভিসার সুবিধা নিয়ে জার্মানির পাসপোর্ট দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথভাবে তৃতীয় অবস্থানে আছে। চতুর্থে আছে ইতালি ও ফিনল্যান্ড। পঞ্চম শক্তিশালী পাসপোর্ট তিনটি দেশের- স্পেন, লুক্সেমবুর্গ ও ডেনমার্ক। ষষ্ঠ অবস্থানে সুইডেন ও ফ্রান্স। এরপরের অবস্থানে আছে সুইজারল্যান্ড, নেদারল্যান্ডসসহ ৫টি দেশ। তালিকায় যুক্তরাষ্ট্র রয়েছে অষ্টম অবস্থানে। দেশটির পাসপোর্টে ভিসা ছাড়া যাওয়া যায় ১৮৪টি দেশে। যুক্তরাজ্যও আছে একই অবস্থানে।

কোন মন্তব্য নেই